বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত তথ্য প্রচারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বিএনপি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ছাড়া অন্য কোনো ব্যক্তির মন্তব্য, অনুমান বা অজ্ঞাত সূত্রের বক্তব্য ব্যবহার করে সংবাদ প্রচার করা যাবে না।
সোমবার বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় এ নির্দেশনা জানানো হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
মিডিয়া সেলের বার্তায় বলা হয়, “বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে যেকোনো ধরনের তথ্য একমাত্র তাঁর ব্যক্তিগত চিকিৎসক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রদান করবেন। ওই বক্তব্য ছাড়া অন্যান্য সূত্রের মাধ্যমে প্রচারিত তথ্য বিভ্রান্তি সৃষ্টি করতে পারে—তাই কোনো সংবাদমাধ্যম যেন বিকল্প কোনো ব্যাখ্যা বা তথ্য ব্যবহার না করেন।”
দলীয় সূত্র জানায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় তাঁর চিকিৎসা নিয়ে জাতির মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ভুল তথ্য বা যাচাইবিহীন বক্তব্য প্রচার হলে তা পরিবার, দল এবং চিকিৎসা ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছে বিএনপি।
সেই কারণেই আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে—চিকিৎসা সংক্রান্ত যেকোনো আপডেট সরাসরি ডা. জাহিদের মাধ্যমে গণমাধ্যমকে জানানো হবে। তিনি নিয়মিত দল ও গণমাধ্যমকে চিকিৎসা-সংক্রান্ত সার্বিক অগ্রগতি জানাবেন বলেও বার্তায় উল্লেখ করা হয়েছে।
বিএনপি আরও বলেছে, খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে নতুন কোনো সিদ্ধান্ত হলে গণমাধ্যমকে তাৎক্ষণিকভাবে জানিয়ে দেওয়া হবে। দল কর্তৃক প্রচারিত নয় এমন কোনো