বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুধু দেশের একজন রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক—এ মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর–২ আসনের মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু।
রোববার (৩০ নভেম্বর) বিকেলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পীরেরচর স্কুল মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শামা ওবায়েদ বলেন, “বেগম খালেদা জিয়া শুধু প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক। তাঁর অসুস্থতার খবর শুনে বহু দেশের রাষ্ট্রপ্রধান ও কূটনীতিকরা খোঁজ নিয়েছেন। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ দোয়া করছেন এই আপোসহীন নেত্রীর জন্য।” তিনি ভাঙ্গাবাসীর উদ্দেশে আরও বলেন, “আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন—এজন্য আপনাদের কাছে আমি দোয়া চাই।”
দুই ইউনিয়নের সঙ্গে তাঁর ব্যক্তিগত ও পারিবারিক সম্পর্কের কথা উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, “আলগী ও হামিরদি ইউনিয়ন নগরকান্দার সঙ্গে যুক্ত হয়নি; বরং আমি আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। আমি আপনাদের মেয়ে, বোন—সবসময় পাশে থাকতে চাই।”
তিনি আরও প্রতিশ্রুতি দেন, তাঁর দল সরকার গঠন করলে প্রশাসনিকভাবে বিচ্ছিন্ন হওয়া ইউনিয়নগুলোকে আবার ফরিদপুর–২ আসনের সঙ্গে যুক্ত করার লক্ষ্যে তিনি লড়াই চালিয়ে যাবেন।
সভায় জেলা ও উপজেলার বিএনপি নেতারা বলেন, সরকারের অপব্যবস্থাপনা, দুর্নীতি এবং গণতন্ত্রহীনতা থেকে দেশকে মুক্ত করতে হলে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার বিকল্প নেই।
সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমসহ স্থানীয় নেতারা।
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য দ্বাদশ সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে বলেও দাবি করেন বক্তারা।