জামায়াতে ইসলামী নেতারা দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ থেকেই সব প্রতিকূলতা মোকাবিলা করেছেন উল্লেখ করে দলের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম বলেছেন, যারা ১৮ কোটি মানুষকে দেশে ফেলে রেখে বিদেশে অবস্থান করেন, তারা কখনোই প্রকৃত দেশপ্রেমিক হতে পারেন না। দেশের সংকটে পাশে থাকা এবং মানুষের সেবা করাই সত্যিকারের নেতৃত্বের পরিচয় বলে মন্তব্য করেন তিনি।
রোববার (৩০ নভেম্বর) বিকেলে যশোর–২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চৌগাছা শাহাদাৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ জনসভায় স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি হাজারো সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এটিএম আজহারুল ইসলাম বলেন, জামায়াতের ইতিহাস ত্যাগের ইতিহাস। “জামায়াতের নেতারা বিদেশে গিয়ে নিরাপদ আশ্রয় নেননি। বরং দেশের প্রতি দায়বদ্ধতা থেকেই ফাঁসির মঞ্চেও গেছেন। আমরা দেশত্যাগের কথা কখনও ভাবিনি।”
তিনি আরও বলেন, অনেক নেতা বিদেশে থেকে দেশে আসার সাহস পাচ্ছেন না। অথচ যশোর–২ আসনের প্রার্থী মোসলেহ উদ্দিন ফরিদ ৩০ বছরের ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করে দেশে ফিরে মানুষের সেবা করতে নেমেছেন। “এটাই প্রকৃত দেশপ্রেম। জনগণ তাকে বিজয়ী করলে এলাকায় একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা হবে।”
তিনি বলেন, জামায়াতে ইসলামী দেশের মানুষের কল্যাণ চায়। জনগণের বিশ্বাস, আস্থা ও ভোটের শক্তিতে ইসলামী মূল্যবোধভিত্তিক দেশ পরিচালনার সুযোগ তৈরি হবে। দেশে ন্যায়বিচার, সুশাসন ও জবাবদিহি প্রতিষ্ঠার জন্য জনগণকে আগামী নির্বাচনে দেশপ্রেমিক শক্তির পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
জনসভায় সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর–কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন, ঢাকা দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ডা. শফিকুল ইসলাম মাসুদ এবং জেলা জামায়াতের আমীর গোলাম রসুল।
জনসভায় বক্তারা বলেন, দেশের মানুষের অধিকার ও স্বাধীনতার জন্য জামায়াত অতীতেও ত্যাগ স্বীকার করেছে, ভবিষ্যতেও করবে।