জুয়েল রানা, মধুপুর প্রতিনিধি
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ৮ নং ওয়ার্ডের চালাষ এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির জাতীয় নির্বাহী সদস্য এডভোকেট সামসুজ্জাম্মান সুরুজ। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি এম এ আজিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি এস এম সোবহান, উপজেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ খায়রুল ইসলাম মুন্সীসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় সবাইকে নিয়মিত দোয়া করার আহ্বান জানান তারা।