বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন শাখার সদস্য সচিব আবিদুর রহমান মিশু জানিয়েছেন, তাঁর মৃত্যুর পর জানাজায় যেন জামায়াত–শিবিরের কোনো নেতা উপস্থিত না থাকে। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই আক্ষেপ ও অনুরোধ প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, মৃত্যুর আগে ছাত্রদল থেকে কী পেয়েছেন বা কী পাননি তার হিসাব পরে দেবেন। তবে মৃত্যুর পর তাঁর একটিমাত্র দাবি থাকবে,
“আমার জানাজার নামাজে যেন জামায়াত–শিবিরের কোনো নেতা উপস্থিত না থাকে, এটা আমার সংগঠনকে নিশ্চিত করতে হবে। আমার লাশ নিয়ে এই রাজনীতিটুকু যেন ছাত্রদল করে সেই অনুরোধ।”
এই পোস্টে এ এফ রহমান হল ছাত্রদলের আহ্বায়ক ফেরদৌস সায়মন মন্তব্য করেন,
“তোর আগে আমার মৃত্যু না হলে এই ওসিয়তটুকু পূরণ করবো।”
রাহাত শুভ নামে আরেকজন লিখেছেন,
“দেশবিরোধী শক্তির প্রতি কী রকম ঘৃণা ও ক্ষোভ হলে মানুষ এমন মন্তব্য করে!”
এ বিষয়ে জানতে চাইলে আবিদুর রহমান বলেন, পাঁচ আগস্টের পর জামায়াত–শিবিরের হাতে ব্যক্তিগত চরিত্র হনন, রাজনৈতিক বিদ্বেষ, নোংরামি ও মুনাফেকি তাঁকে গভীরভাবে আঘাত করেছে। তিনি দাবি করেন, এমনকি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা এবং তারেক রহমানের দেশে না ফেরা নিয়েও জামায়াত–শিবির ষড়যন্ত্র খোঁজে এবং অপপ্রচার চালায়। এসব আচরণ তাঁর কাছে অত্যন্ত হৃদয়বিদারক মনে হয়েছে বলেই তিনি এমন পোস্ট দিয়েছেন।