মনিরুল ইসলাম, নাটোর প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রামে পবিত্র কুরআন ও মহান আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে তৌহিদী জনতা। শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুম্মা বনপাড়া বাসস্ট্যান্ড মসজিদের সামনে থেকে ইমাম, ওলামা, মুফতি ও সাধারণ মানুষের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি নাটোর–পাবনা মহাসড়ক হয়ে বনপাড়া পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ড এলাকায় এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এসময় পুরো এলাকা “ধর্ম অবমাননা বন্ধ করো”, “আল্লাহ ও কুরআন অবমাননার বিচার চাই”—এমন স্লোগানে মুখর হয়ে ওঠে।
সমাবেশে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন—বাউল আবুল সরকার কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্যের মাধ্যমে মুসলিম উম্মাহর আকীদা-ঈমানের ওপর চরম আঘাত হেনেছেন। এ ধরনের ধর্মবিদ্বেষী কর্মকাণ্ড শুধু অসহিষ্ণুতা নয়, সমাজে অস্থিরতা তৈরির অপচেষ্টাও বটে। বক্তারা অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি—সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করার জোর দাবি জানান।
বিক্ষোভে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম-খতিব, আলেম সমাজ, তরুণ-যুবকসহ কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। বিক্ষোভের কারণে মহাসড়কের কয়েকটি অংশে সাময়িক যানজটের সৃষ্টি হলেও পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল।