মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের লৌহজংয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সংগঠনের সকল স্তরে সার্বিক ঐক্য রক্ষার আহ্বান জানিয়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে লৌহজং সরকারি কলেজ মাঠে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ‘তারুণ্যের সমাবেশ’-এ তারা এ আহ্বান জানান।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ। তিনি বলেন, “বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যই আমাদের প্রধান শক্তি। নানা ষড়যন্ত্রের মধ্যেও গণতন্ত্র প্রতিষ্ঠায় তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি দাবি করেন, তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই দেশের ভবিষ্যৎ উন্নয়ন নিশ্চিত হবে।
অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহ্বায়ক হাজী মো. মুক্তার হোসেন খান সভাপতিত্ব করেন। প্রধান বক্তা ছিলেন বিএনপির প্রান্তিক জনশক্তি বিষয়ক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা বাবুল আহমেদ।এ ছাড়া টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আলী আজগর রিপন মল্লিক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সমাবেশে উপজেলার ১০টি ইউনিয়ন থেকে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। বিপুল ভিড়ে কলেজ মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
যৌথ সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির হোসেন শিকদার এবং স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ অভি।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
আলোচনা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।