বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ তৃতীয় মেয়াদের জন্য আনুষ্ঠানিকভাবে শপথ নিতে যাচ্ছেন। শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এই শপথ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দলটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এর আগে ১ নভেম্বর রাতে জামায়াতের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার মাওলানা এটিএম মা’ছুম আমির নির্বাচন ফলাফল ঘোষণা করেন। এরপর ২ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয় যে, ডা. শফিকুর রহমান টানা তৃতীয়বারের মতো দলের আমির নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশন জানায়, সর্বশেষ অভ্যন্তরীণ নির্বাচন ৯ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশের রুকনদের গোপন ব্যালটে ভোটগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হয়। ভোট গণনায় সর্বোচ্চ ভোট পেয়ে তিনি ২০২৬–২০২৮ মেয়াদের জন্য আবারও আমির নির্বাচিত হন। জামায়াতের ইতিহাসে এর আগে টানা তিন মেয়াদে আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন শুধুমাত্র অধ্যাপক গোলাম আযম এবং মাওলানা মতিউর রহমান নিজামী।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে—নতুন কার্যকালের আনুষ্ঠানিক সূচনার অংশ হিসেবে আজকের অনুষ্ঠানে কেন্দ্রীয় মজলিসে শূরা, কেন্দ্রীয় কর্মপরিষদ ও নির্বাহী পরিষদের সদস্যদের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আমির হিসেবে শপথ নেবেন ডা. শফিকুর রহমান।
জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী, জাতীয় কাউন্সিলের সদস্যরা সরাসরি গোপন ভোটে তিন বছরের জন্য আমির নির্বাচন করেন। নির্বাচিত আমিরকে কেন্দ্রীয় নেতৃত্বের সামনে শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্ব গ্রহণ সম্পন্ন করতে হয়।
ডা. শফিকুর রহমান ১৯৫৮ সালের ৩১ অক্টোবর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে জন্মগ্রহণ করেন। বাবা মরহুম মোহাম্মদ আবরু মিয়া এবং মা মরহুমা খাতিরুন নেছার সন্তান তিনি। বর্তমানে তিনি সিলেট মহানগরীর শাহপরান থানার সবুজবাগ এলাকায় বসবাস করেন।
শিক্ষাজীবনে ১৯৭৪ সালে বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৭৬ সালে সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি ও ১৯৮৩ সালে সিলেট মেডিকেল কলেজ (বর্তমান এমএজি ওসমানী মেডিকেল কলেজ) থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। চিকিৎসা পেশায় যুক্ত হওয়ার পাশাপাশি তিনি রাজনীতিতেও সক্রিয় হন।
রাজনীতির শুরুতে ১৯৭৩ সালে তিনি জাসদ ছাত্রলীগে যোগ দেন। পরে ১৯৭৭ সালে ইসলামী ছাত্রশিবিরে যুক্ত হয়ে সিলেট মেডিকেল কলেজ শাখা ও সিলেট শহর শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালে জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে ক্রমান্বয়ে সিলেট শহর, জেলা ও মহানগর আমিরের দায়িত্ব পান।
২০১৬ সালে তিনি জামায়াতের সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন। এরপর ২০১৯ সালের ১২ নভেম্বর প্রথমবার আমির, ২০২২ সালের ৩১ অক্টোবর দ্বিতীয়বার আমির নির্বাচিত হওয়ার পর এখন তৃতীয়বারের মতো দলের সর্বোচ্চ দায়িত্বে অধিষ্ঠিত হতে যাচ্ছেন ডা. শফিকুর রহমান।