বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতিকে ঘোলা করে একটি বিশেষ দল আবারও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা ইচ্ছাকৃতভাবে জনমনে আতঙ্ক ছড়াতে বলছে—একদিনে জাতীয় নির্বাচন ও গণভোট হলে দেশে জেনোসাইড হবে।
তিনি বলেন, জেনোসাইড মানে গণহত্যা, আর ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় যারা গণহত্যার সহযোগী ছিল, তারা এখনো একই ধাঁচের ভয়াবহতার ইঙ্গিত দিচ্ছে। জনগণ তাদের হাতে আর কখনো গণহত্যার সুযোগ দেবে না বলে মন্তব্য করেন তিনি।
বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর সুইহারীবাজারে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। পথসভায় তিনি জনগণকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান। তিনি বলেন, আগামী দিনে দেশের উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে হলে বিএনপিকে আবার দায়িত্ব দিতে হবে। বিশেষ করে দিনাজপুর-৪ আসনের জনপ্রিয় নেতা আখতারুজ্জামান মিয়াকে বিপুল ভোটে জয়ী করতে হবে।
মির্জা ফখরুল বলেন, বিএনপি দেশ ও জনগণকে শান্তি দিতে চায়, গণতন্ত্র ফেরাতে চায়। সেই লক্ষ্যেই বিএনপি নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবাইকে দোয়া করতে পারেন। তিনি বলেন, উত্তরবঙ্গের উন্নয়ন থমকে আছে—একটি শক্তিশালী নেতৃত্বই পারে এই অঞ্চলের উন্নয়ন নতুনভাবে শুরু করতে।
সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর-৪ আসনের সাবেক এমপি ও ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ মো. আখতারুজ্জামান মিয়া। এছাড়া বক্তব্য দেন বিএনপি নেতা আমিনুল ইসলাম চৌধুরী বিএসসি, সাইদ আহমেদ সেলিম বুলবুল, রবিউল আলম তুহিন, সাখাওয়াত হোসেন লিটন, নুর আলম সরকার দুলু, মমিনুল ইসলামসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা।
সভায় বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।