বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছেন। তিনি গণতন্ত্র রক্ষার লড়াইয়ে কখনো আপস করেননি।
বর্তমানে অসুস্থ অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন থাকায় দলের নেতাকর্মীরা তাঁর দ্রুত সুস্থতা কামনায় সারাদেশে দোয়া মাহফিল করছেন। টুকু বলেন, “সংকটের সময়ে দোয়া–দরুদ মানুষের সবচেয়ে বড় শক্তি। আর এতিমদের দোয়া আল্লাহ তাআলা বিশেষভাবে কবুল করেন বলে আমরা বিশ্বাস করি।”
বুধবার দুপুরে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে এক দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকুর উদ্যোগে সদর উপজেলার বাজিতপুরে জামিয়া আরাবিয়া মদিনাতুল উলুম মাদ্রাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাদ্রাসার এতিমখানার শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়।
টুকু বলেন, “বেগম জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি এই দেশের গণতান্ত্রিক সংগ্রামের প্রতীক। দেশকে অন্ধকার থেকে মুক্ত করতে দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি নানান নির্যাতন, কারাবরণ ও চাপের মুখোমুখি হয়েছেন। আজ তিনি গুরুতর অসুস্থ। আমরা চাই—তিনি দ্রুত সুস্থ হয়ে আবার দেশের মানুষের পাশে দাঁড়ান।”
দোয়া মাহফিলে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান মালা, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মুফতি মাহমুদুল হাসান। মাহফিল শেষে এতিম শিশুদের মাঝে তোবারক বিতরণ করা হয়।
টুকু আরও বলেন, “গণতন্ত্র আজ ক্ষতিগ্রস্ত। দেশের মানুষ তাদের অধিকার ফিরে পেতে চায়। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সেই লড়াই করি। দেশের মানুষ আজও তার প্রতি আস্থা রাখে।”
তিনি নেতাকর্মীদের ধৈর্য, ঐক্য ও আন্দোলনের প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান এবং বলেন, “দেশের সংকট কাটাতে জাতীয় ঐক্য গড়ে তোলাই একমাত্র পথ।”