মনিরুল ইসলাম, নাটোর প্রতিনিধিঃ
নাটোরের আলাইপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সমতল আদিবাসী সম্মেলনে অংশ নিয়ে মানবাধিকার কর্মী ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল বলেছেন—
“রাষ্ট্র জনগোষ্ঠী সৃষ্টি করে না, জনগোষ্ঠীই রাষ্ট্র সৃষ্টি করে। তাই কোন জনগোষ্ঠীকে জোর করে অন্য পরিচয় দেওয়ার অধিকার রাষ্ট্রের নেই।”
তিনি স্পষ্ট ভাষায় অভিযোগ করেন, রাষ্ট্র যখন আদিবাসীদেরকে ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’ হিসেবে উল্লেখ করে, তখন তা অন্যায় এবং মানবাধিকারের পরিপন্থী।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন—
“স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় সকল জনগোষ্ঠীর অবদান রয়েছে। এই দেশ হওয়া উচিত সাম্য, ন্যায়বিচার ও মানবিকতার। সংখ্যা অনুযায়ী কোনো জনগোষ্ঠীর অধিকার নির্ধারণ করা মানবাধিকারের চরম লঙ্ঘন।”
অনুষ্ঠানে জানানো হয়—সমতল অঞ্চলের আদিবাসীরা এখনো ভূমি-অধিকার, সামাজিক বৈষম্য ও পরিচয় সংকটের মতো সমস্যায় ভুগছে। রাষ্ট্রীয় নীতিমালায় তাদের পরিচয়ের স্বীকৃতি না থাকা এই সংকটকে আরও দীর্ঘ করছে।
সম্মেলনের আয়োজন করে “আমরাই পারি” পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট এবং স্থানীয় নাগরিক সংগঠন লাসটার, নিডা, সোসাইটি, পিকেএসএস, অর্পা, বাঁতে চাই, এমএসএস, ব্রেড ও এসডিকেএস।
অনিমা কুজুরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন—
ক্রিশ্চিয়ান এইডের কান্ট্রি ডিরেক্টর নুজহাত জাবিন, ‘আমরাই পারি’র প্রধান নির্বাহী জিনাত আরা হক, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিচিত্রা তির্কী, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নীলা হাফিজা,
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক (অঃদাঃ) মখলেছুর রহমান, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা বাদল কুমার চন্দন, পিকেএসএস নির্বাহী পরিচালক ডেইজি আহমেদ, এসডিকেএস নির্বাহী পরিচালক নাসিরউদ্দিন মাঈনুসহ বিভিন্ন আদিবাসী সংগঠনের প্রতিনিধিরা।