বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী দিনের দেশের রাষ্ট্রপতি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনের মাওলানা ভাসানী মিলানায়তনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে তিনি এ বক্তব্য দেন।
বরকত উল্লাহ বুলু বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের কোনো বিকল্প নেই। তিনি দাবি করেন, বেগম খালেদা জিয়া আজ শারীরিকভাবে অসুস্থ হলেও দেশের মানুষ ও জাতির ভবিষ্যতের জন্য তার বেঁচে থাকা অত্যন্ত প্রয়োজন। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশের রাজনৈতিক পুনর্গঠনে অগ্রসর হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা আগামী ১০০ বছরের মুক্তির সনদ। “বেগম খালেদা জিয়া হবেন আগামী দিনের রাষ্ট্রপতি, আর তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী”—বলেন বুলু। তার মতে, দেশের জনগণ এখন রাজনৈতিক পরিবর্তনের অপেক্ষায় রয়েছে এবং সময় এসেছে গণতন্ত্র পুনরুদ্ধারের।
বুলু অভিযোগ করেন, বর্তমানে ধর্মকে ব্যবহার করে রাজনীতি ও ব্যবসা করা হচ্ছে। তিনি বলেন, “অনেকে ইসলামের নাম ভাঙিয়ে জনমানুষকে বিভ্রান্ত করছেন।” একইসঙ্গে তিনি দাবি করেন, জামায়াত আন্দোলনে যুক্ত না হলে আওয়ামী লীগ ৫০ বছরেও ক্ষমতায় আসতে পারত না। “তারা জাতির সঙ্গে বেঈমানি করে শেখ হাসিনাকে ক্ষমতায় এনেছিল,”—মন্তব্য করেন তিনি।
দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করেন। একইসঙ্গে, সামনে আসন্ন নির্বাচনে দলের সাফল্য এবং তারেক রহমানের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য দোয়া করা হয়।