সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের হাতিবান্ধা সীমান্তে অবৈধভাবে কাঁটাতারের বেড়া কাটার সময় লাভলু হোসেন (৪০) নামে এক চিহ্নিত গরু চোরাকারবারিকে হাতেনাতে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গরু চোরাচালানের উদ্দেশ্যে ভারতীয় সীমান্তে বেআইনিভাবে প্রবেশের চেষ্টার সময়ই তাকে ধরে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) -এর টহলদল।
গতকাল, রোববার (২৩ নভেম্বর) গভীর রাতে হাতিবান্ধা উপজেলার বুড়াসারডুবি এলাকায় এ ঘটনা ঘটে।
আটকের বিবরণ বিজিবি সূত্র জানায়, তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধীন বড়খাতা বর্ডার আউটপোস্ট (বিওপি) -এর একটি নিয়মিত টহলদল হাতিবান্ধা উপজেলার বুড়াসারডুবি এলাকায় অভিযান চালাচ্ছিল। এ সময় তারা লাভলু হোসেনকে ভারতীয় সীমান্তে বেআইনিভাবে তারকাঁটার বেড়া কাটার সময় হাতেনাতে আটক করে।
আটকের পর বিজিবি লাভলু হোসেনের কাছ থেকে গরু চোরাচালানের কাজে ব্যবহৃত একটি কাঁটাতারের বেড়া কাটার প্লাস (কাটার), একটি স্মার্ট ফোন এবং দুটি সিমকার্ড জব্দ করে। বিজিবি নিশ্চিত করেছে যে, চোরাচালানের উদ্দেশ্যে তিনি এই বেড়া কাটছিলেন।
আটককৃত লাভলু হোসেন হাতিবান্ধা উপজেলার বড়খাতা বুড়াসারডুবি গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে।
মামলা ও আইনি প্রক্রিয়া সোমবার (২৪ নভেম্বর) সকালে আটককৃত লাভলু হোসেনকে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য হাতিবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিজিবি আসামিকে থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে যথাযথ ধারায় মামলা রুজু করে তাকে লালমনিরহাট জেলহাজতে পাঠানো হয়েছে।”
সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি’র এই তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।