ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সব প্রার্থীকে মোটরসাইকেল শোভাযাত্রা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন জেলায় মোটরসাইকেল–কেন্দ্রিক প্রচারণায় দুর্ঘটনা ও আহতের ঘটনা বাড়ায় কেন্দ্রীয়ভাবে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সোমবার গণমাধ্যমে পাঠানো বার্তায় বিষয়টি নিশ্চিত করেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি জানান, নির্বাচনি এলাকায় মোটরসাইকেল র্যালি করতে গিয়ে একাধিক দুর্ঘটনা ঘটেছে। পরিস্থিতি বিবেচনায় আমিরে জামায়াত সারাদেশে মোটরসাইকেল–ভিত্তিক সব ধরনের প্রচারণা বন্ধের নির্দেশ দিয়েছেন।
তিনি আরও বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে এবং নির্বাচনি এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নেতা–কর্মীদের প্রচারণায় বাড়তি সতর্কতা মেনে চলতে হবে।