দেশে ইসলামের পক্ষে ব্যাপক গণজোয়ার তৈরি হয়েছে দাবি করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, আলেম–উলামাদের আর কখনোই কোনো রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া যাবে না। রোববার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ইমাম–খতিব সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
চরমোনাই পীর বলেন, “অতীতে বারবার উলামায়ে কেরামের সরলতার সুযোগ নিয়ে অনেকেই ক্ষমতার সিঁড়ি তৈরি করেছেন। নিজেদের স্বার্থ হাসিলের জন্য আলেমদের ব্যবহার করা হয়েছে। এবার সেই সুযোগ কাউকেই দেওয়া যাবে না। উলামায়ে কেরামকে সতর্ক ও সজাগ থাকতে হবে।”
তিনি মনে করিয়ে দেন, অতীতে আলেম সমাজকে বিভিন্নভাবে হয়রানি, খুন, গুম, মামলা ও নির্যাতনের মুখে পড়তে হয়েছে। তিনি বলেন, “এই অবস্থা আর ফিরে আসতে দেওয়া যাবে না। ইসলামবিরোধী শক্তি বহুবার মাথাচাড়া দিয়ে উঠেছে। এখন ইসলামের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে, আমাদের এটিকে শক্তিতে রূপ দিতে হবে।”
ইমাম–খতিবদের যৌক্তিক দাবির প্রসঙ্গে চরমোনাই পীর বলেন, “আল্লাহ যদি সুযোগ দেন, আমরা আপনাদের খাদেম হিসেবে পাশে থাকব। ইমাম–খতিবদের মর্যাদা ও দাবি–দাওয়া পূরণে ইসলামী আন্দোলন বাংলাদেশ আন্তরিকভাবে কাজ করবে।”
তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশ হবে কুরআন–সুন্নাহভিত্তিক ন্যায়ভিত্তিক রাষ্ট্র, যদি ইসলামের পক্ষে জাতীয় ঐক্য গড়ে ওঠে। তিনি আহ্বান জানান—উলামায়ে কেরাম যেন কোনো রাজনৈতিক দলের হাতিয়ার বা নির্বাচনি প্রপাগান্ডার উপাদান না হন।
সম্মেলনে দেশজুড়ে ইসলামি মূল্যবোধ রক্ষা, মসজিদভিত্তিক সামাজিক নেতৃত্ব তৈরির কৌশল এবং ধর্মীয় শিক্ষার সুরক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শতাধিক ইমাম, খতিব ও আলেম এতে অংশ নেন।