দেশের বড় রাজনৈতিক দলগুলো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘ভাগবাটোয়ারার নির্বাচন’ বানাতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এনসিপি এই ভাগবাটোয়ারার রাজনীতির বাইরে থাকতে চায় এবং শুধুমাত্র আদর্শের ভিত্তিতেই কোনো জোট বা আলোচনা বিবেচনা করবে।
রোববার (২৩ নভেম্বর) রাজধানীর শাহবাগে আবু সাঈদ কনভেনশন সেন্টারে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, “নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। আমরা চাই সৎ, যোগ্য ও দক্ষ মানুষ রাজনীতিতে আসুক। এজন্যই প্রার্থীদের প্রাথমিক যাচাই–বাছাই কঠোরভাবে করা হচ্ছে।” তিনি জানান, যাচাই–বাছাই শেষে দল চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করবে।
সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নির্বাচন কমিশনের দেওয়া প্রতীকের প্রকৃত ডিজাইন এখনও হাতে না পাওয়ায় প্রচারণা শুরু করতে পারছে না তারা। তিনি জানান, দল থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা ১ হাজার ৪৮৪ জনের সাক্ষাৎকার শেষে চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে।
এ সময় এনসিপির জেষ্ঠ্য যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, প্রার্থী বাছাইয়ের পুরো কাজটি স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন করতে চায় এনসিপি। তিনি বলেন, “আমরা স্বচ্ছতা ও দক্ষতাকে গুরুত্ব দিচ্ছি। জনগণের সামনে সঠিক প্রার্থী পাঠাতে চাই।”
স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচনে অংশ নেবে বলেও মন্তব্য করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, দল থেকে যাচাই–বাছাইয়ে উত্তীর্ণ যোগ্য প্রার্থীই ব্যালটযুদ্ধে অংশ নেবে।
সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় নেতৃত্ব, মনোনয়নপ্রত্যাশী ও বিভিন্ন জেলার নেতারা উপস্থিত ছিলেন।