মনিরুল ইসলাম,নাটোর প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় বাসুদেবপুর গ্রামে গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তার ভাড়া বাসায় তালা ভেঙে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও গুরুত্বপূর্ণ মালামাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. মোশারফ হোসেন (৩২) অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে নলডাঙ্গা থানা পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে মোশারফ হোসেন জানান, তিনি নয় বছর ধরে ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন এবং গ্রামীণ ব্যাংকের জয়নগড় দুর্গাপুর শাখায় অফিসার হিসেবে কর্মরত। শুক্রবার (২১ নভেম্বর) ২০২৫ বিকেল ৪ টার দিকে অফিস থেকে বাসায় ফিরেই তিনি দেখেন ঘরের তালা ভাঙা এবং ভেতরের জিনিসপত্র ছড়িয়ে–ছিটিয়ে আছে।
তিনি জানান, তাঁর অনুপস্থিতির সুযোগে অজ্ঞাত চোরেরা ঘরে প্রবেশ করে আলমারি ও স্টিলের বাক্স ভেঙে ১ লাখ টাকা নগদ, ১ ভরি স্বর্ণ, ৪ ভরি রূপা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে। সব মিলিয়ে তাঁর ক্ষতির পরিমাণ আনুমানিক ২ লাখ ৮০ হাজার টাকা।
ঘটনার পর স্থানীয় কয়েকজন প্রতিবেশী এবং নলডাঙ্গা থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে ভাঙা তালা ও অগোছালো ঘরের চিত্র দেখেছেন।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”