দলের কিংবা জোটের সিদ্ধান্ত যাই হোক, পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে বিএনপি নিজস্ব প্রার্থীই দেবে—এমন দৃঢ় ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য, সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সভাপতি ও মনোনয়নপ্রত্যাশী হাসান মামুন।
শনিবার বিকেলে বেতাগী সানকিপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে শিকদারিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বক্তব্যে হাসান মামুন বলেন, “আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি। গত ১৭ বছরে কারাবরণ করেছি, রক্ত দিয়েছি। তবুও মাথা নত করিনি, ভবিষ্যতেও করব না। পটুয়াখালী-৩ আসনে এই ত্যাগেরই ফল ইনশাল্লাহ পাব। এই আসনে জাতীয়তাবাদী দলেরই এমপি থাকবে।”
তিনি বলেন, এই আসনের মানুষ আর কোনো ভাড়াটে বা ভুঁইফোড় রাজনীতিককে চায় না। তারা চায় ত্যাগী, নিবেদিত ও পরীক্ষিত নেতৃত্ব। বহু বছর ধরে দলের নেতা–কর্মীরা যে ত্যাগ ও বঞ্চনার ভেতর দিয়ে গেছেন, এবার তারা ধানের শীষের প্রকৃত নেতাকে বিজয়ী করতে প্রস্তুত।
মাঠের বর্তমান বাস্তবতা তুলে ধরে তিনি আরও দাবি করেন, “বিএনপি এখানে সুসংগঠিত ও শক্ত অবস্থানে রয়েছে। জনগণের প্রত্যাশা স্পষ্ট—দলের দুঃসময়ের সাথী, মাঠের লড়াকু নেতাকেই মনোনয়ন দিতে হবে। সিদ্ধান্ত যাই হোক, শেষ কথা বলবে জনগণ।”
সভায় সভাপতিত্ব করেন বেতাগী সানকিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নোমান মাস্টার।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম শানু, যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুজ্জামান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মাহাবুব ফরাজী, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি এইচ এম আবু জাফরসহ অন্যান্য নেতৃবৃন্দ।