ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময়ে মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে নির্দোষ দাবি করেছেন তার ছেলে ও বিএনপি মনোনীত প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী। তিনি বলেছেন—“আগামী ফেব্রুয়ারির নির্বাচনই প্রমাণ করবে, সালাউদ্দিন কাদের চৌধুরী নির্দোষ ছিলেন।”
শনিবার (২২ নভেম্বর) রাঙ্গুনিয়ার কাদেরনগরে সালাউদ্দিন কাদের চৌধুরীর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হুম্মাম কাদের চৌধুরী আবেগঘন ভাষণে বলেন, “আমরা আব্বার রূহের মাগফিরাত কামনায় একত্রিত হয়েছি। আল্লামা বাবুনগরী এসে বলেছেন—সালাউদ্দিন কাদের চৌধুরী জান্নাতবাসী। তার জান্নাত নিশ্চিত, বরং আমরা-ই বেশি গুনাহগার।”
তিনি বলেন, রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় গণসংযোগ করতে গিয়ে মানুষ তাকে “ভাইপুত” নাম ধরে ডাকছে, যা তার শক্তি ও আত্মবিশ্বাস বাড়িয়ে দিচ্ছে। তিনি বলেন, “আমি আপনাদের দোয়ায় এগিয়ে যেতে চাই। ফেব্রুয়ারির ভোটই হবে সত্য-মিথ্যার প্রকৃত বিচার।”
হুম্মাম কাদের চৌধুরী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সালাউদ্দিন কাদের চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চান। তিনি স্মৃতিচারণ করে বলেন, কারাগারে দেখা করতে গেলে সালাউদ্দিন কাদের চৌধুরী সবসময় রাঙ্গুনিয়ার মানুষের খোঁজ নিতেন। তিনি বলতেন—“আজ আমি যা হয়েছি, রাঙ্গুনিয়ার মানুষের ভালোবাসায় হয়েছি।”
অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী। উপস্থিত ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফরহাত কাদের চৌধুরী, বড় ছেলে ফয়েজ কাদের, বিএনপি নেতা কাজী এম এন আলম, শওকত আলী নুর, অধ্যাপক মহসিন, অ্যাডভোকেট কামাল হোসেনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী।
অনুষ্ঠানে বক্তারা সালাউদ্দিন কাদের চৌধুরীর রাজনৈতিক অবদান তুলে ধরে তার রায় পুনর্মূল্যায়নের দাবিও জানান।