বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, পিআর ব্যবস্থা জনগণের স্বার্থে প্রয়োজন, এবং জামায়াত ক্ষমতায় গেলেও এই পদ্ধতি বাস্তবায়ন হবে। তিনি স্পষ্টভাবে বলেন, “আমি জামায়াতের বিজয় চাই না, জনগণের বিজয় চাই।”
শনিবার (২২ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম কলেজ মাঠে হেলিকপ্টার থেকে নেমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
জামায়াত আমির বলেন, বর্তমানে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নেই, তবে এটি তৈরি করতে হবে সবাইকে নিয়ে। তিনি জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশে নতুন সংকট দেখা দিতে পারে। “আমরা কোনো সংকট সৃষ্টি হতে দেব না”—বলেন ডা. শফিক।
দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতা প্রসঙ্গে তিনি বলেন, কিছু লোক জনগণের সম্পদ লুট করে নিজেদের সম্পদ বাড়িয়েছে, কিন্তু সাধারণ মানুষ উন্নয়নের সুফল পায়নি। তিনি বলেন, দেশের পিছিয়ে পড়ার কারণ—ভিশনারি নেতৃত্বের অভাব, আন্তরিকতার ঘাটতি, দেশপ্রেমের সংকট এবং সৎ নেতৃত্বের অনুপস্থিতি। এই চারটি উপাদানের অভাবে দেশের সুযোগ বারবার নষ্ট হয়েছে বলে দাবি করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ শুধু মুসলমানদের নয়—হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং সকল জাতি-উপজাতির দেশ। দেশের প্রতিটি মানুষের অধিকার ও মর্যাদা রক্ষা করাই হবে নতুন রাষ্ট্র বিনির্মাণের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, “আমাদের যুদ্ধ দুর্বৃত্তদের বিরুদ্ধে—এ যুদ্ধ আপসহীন। দেশের সত্যিকার মুক্তি না আসা পর্যন্ত আমরা থামবো না।” তিনি যোগ করেন, গন্তব্যে পৌঁছানো পর্যন্ত কোনো শক্তিই তাদের অগ্রযাত্রা থামাতে পারবে না।
সফরসূচি অনুযায়ী তিনি সকালে আকবর শাহ থানার পূর্ব ফিরোজ শাহ কলোনির আল জামিয়াতুল ইসলামিয়া বড় মাদ্রাসার মাহফিলে যোগ দেন। সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর জামায়াতের নির্বাচনি দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখার কথা রয়েছে।