আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তরুণ সমাজকে সতর্ক বার্তা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ঢাকসু) ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। তিনি বলেছেন—“এ নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং চলবে না। নতুন বাংলাদেশে পেছন থেকে ক্ষমতা দখলের চেষ্টা করলে তার পরিণতি হবে ফ্যাসিস্ট হাসিনার থেকেও ভয়াবহ।”
শনিবার (২২ নভেম্বর) বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের আয়োজনে ছাত্র-যুব উৎসবে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ভিপি সাদিক অভিযোগ করেন—রাষ্ট্র সংস্কারে একটি দল বারবার নোট অব ডিসেন্ট দিয়ে ঐকমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়নে বাধা দিচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “রাষ্ট্র সংস্কারের পথে কেউ বাধা দিলে তরুণ সমাজ তা বরদাস্ত করবে না।”
সীমান্ত হত্যা ইস্যুতে তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, গত ১৬ বছরে “দিল্লির দালালরা” শত শত বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে এবং মাদক ব্যবসার মাধ্যমে দেশের যুব সমাজকে ধ্বংস করেছে। তিনি বলেন, নতুন বাংলাদেশে চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক কারবারি, ধর্ষক বা ভোট কেনাবেচা করা শক্তিগুলোর কোনো ঠাঁই থাকবে না।
ভোটাধিকার বঞ্চিত তরুণদের কথা উল্লেখ করে তিনি বলেন, গত তিনটি জাতীয় নির্বাচনে ১৮–৩৫ বছর বয়সী কোটি তরুণ ভোট দিতে পারেননি। এ তরুণরাই আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে শহিদদের স্বপ্নের বৈষম্যহীন ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তুলবে।
চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের ভাইস চেয়ারম্যান ও ছাত্র-যুব উৎসব বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যাপক মো. আবু বকরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াতের প্রার্থী নূরুল ইসলাম বুলবুল।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, সাবেক সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ, রাকসু ভিপি মুস্তাকুর রহমান জাহিদ, চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি এবং চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন আসনের জামায়াত প্রার্থীরা।