বিএনপির কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনের মনোনীত এমপি প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি পরিবারের মহিলা প্রধানের নামে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় সব পণ্য সরবরাহ করে পরিবারকে সহায়তা করবে একটি কল্যাণমুখী সরকার।
শুক্রবার বিকেলে হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের গাউছুল আজম ছবরিয়া আদর্শ দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন। সমাবেশে হাজারো নারী অংশ নেন।
মানিক বলেন, “বিএনপি ক্ষমতায় আসলে প্রতিটি বাড়িতে যাতায়াতের রাস্তা পাকা করা হবে। সবার বাড়িতে বিশুদ্ধ পানির গভীর নলকূপ স্থাপন করা হবে। যেসব পরিবারে এখনো স্বাস্থ্যসম্মত টয়লেট নেই, তাদের জন্য স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা হবে।” তিনি আরও বলেন, গত ১৭ বছরে সরকারি নিয়ন্ত্রণ ও ভয়-ভীতির কারণে ভোটকেন্দ্রে নারীদের প্রবেশ প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। আগামী নির্বাচনে নারীরা সুন্দরভাবে ও নির্ভয়ে নিজেদের ভোট দিতে পারবেন।
সমাবেশে সভাপতিত্ব করেন চরভৈরবী ইউনিয়ন মহিলা দলের সভাপতি তাহমিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কোহিনুর বেগমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি ও বেকারত্ব নারীদের জীবনকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে। তাই নারীর ক্ষমতায়ন ও প্রয়োজনভিত্তিক সহায়তা নিশ্চিত করতে বিএনপির ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম বাস্তবায়ন জরুরি।
স্থানীয় নারী নেত্রীদের মতে, এই কার্যক্রম বাস্তবায়িত হলে পরিবার পরিকল্পনা, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে।