নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার দুর্গাপুরে প্রকবিন সাংমা নামে এক ভুয়া চিকিৎসককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তাকে ৭ দিনের কারাদন্ডের দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান উপজেলার ফান্দা বাজার এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মিজানুর রহমান জানান, দুর্গাপুরের ফান্দা বাজারে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে প্রকবিন সাংমা দীর্ঘদিন ধরে চেম্বারে হার্বাল এবং হোমিও চিকিৎসা দিয়ে আসছিলেন।
ডাক্তার পদবি ব্যবহার করে রোগীদের বিভিন্ন ধরনের এন্টিবায়োটিক ওষুধ লিখে ব্যবস্থাপত্র করতেন তিনি। এমন অভিযোগ পাওয়ার পর আজ দুপুরে বাজারে ওই যুবকের চেস্বারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় তার সব সনদপত্র ভুয়া পাওয়া যায়। তার করা রোগীদের ব্যবস্থাপত্রে ডাক্তার পদ লেখাও পাওয়া যায়। ঘটনার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৭দিনের জেল ও ১৫হাজার টাকা জরিমানা করা হয়।