ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটুক্তির অভিযোগে বাংলাদেশ বাউল সমিতির সভাপতি ও জনপ্রিয় বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে মাদারীপুর থেকে তাকে আটক করে মানিকগঞ্জ ডিবি কার্যালয়ে নেয়া হয়। পরে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, চলতি মাসের ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার একটি গানের আসরে আবুল সরকার ইসলাম ধর্ম, আল্লাহর সৃষ্টিজগত এবং ধর্মীয় মূল্যবোধ নিয়ে আপত্তিকর বক্তব্য দেন। ঘটনাস্থলে উপস্থিত লোকজন বিষয়ের তীব্র প্রতিবাদ জানান। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়।
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে কঠোর সমালোচনা শুরু হলে স্থানীয় আলেমসমাজ, ধর্মপ্রাণ মানুষ এবং সাধারণ নাগরিকরা তার গ্রেফতারের দাবি তোলেন। পরিস্থিতি বিবেচনায় পুলিশ প্রযুক্তিগতভাবে তথ্য সংগ্রহ করে তার অবস্থান নিশ্চিত করে এবং বৃহস্পতিবার সকালে মাদারীপুর থেকে তাকে আটক করে।
মানিকগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে দেখছি। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার মতো বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে আনা হয়। তদন্তের অংশ হিসেবে মুফতি আব্দুল্লাহ বাদী হয়ে ঘিওর থানায় একটি মামলা দায়ের করেছেন। এরপর তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, প্রাথমিক তদন্তে ভিডিওতে প্রচারিত বক্তব্যের সত্যতা মিলেছে। তদন্ত কর্মকর্তাদের মতে, আবুল সরকারের মন্তব্য ধর্মীয় উস্কানি এবং সামাজিক অশান্তি সৃষ্টির কারণ হতে পারে। তাই ডিজিটাল নিরাপত্তা আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা গ্রহণ করা হয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে মানিকগঞ্জ ও আশপাশের এলাকায় উত্তেজনা দেখা দিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়দের দাবি, ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে কটূক্তি সহ্য করা যাবে না, তবে আইন হাতে তুলে না নিয়ে বিচার ব্যবস্থার ওপর আস্থা রাখতে হবে।