বাংলাদেশের দুই স্থল সীমান্ত ভারত ও মিয়ানমারকে ইঙ্গিত করে তরুণ প্রজন্মকে মাদক থেকে বিরত রাখার আহ্বান জানিয়ে বিসিবি পরিচালক ও এজ গ্রুপ কমিটির চেয়ারম্যান আসিফ আকবর বলেছেন—“আমাদের দেশের দুই প্রান্তে দুই দেশের বর্ডার। একটি পাঠায় ফেনসিডিল, আরেকটি পাঠায় ইয়াবা। আরও যদি দুই–চারটি দেশের বর্ডার থাকতো, তাহলে বাংলাদেশ হাওয়াই উড়ে যেতো।”
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা স্টেডিয়ামে বয়সভিত্তিক ক্রিকেটারদের দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ তারকা তৈরি করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এজ গ্রুপ ক্রিকেট ডেভেলপমেন্ট ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তরুণদের নৈতিক ও সুস্থ জীবনে ফিরিয়ে আনার গুরুত্ব তুলে ধরে আসিফ আকবর বলেন, “আমরা চাই আমাদের সন্তানরা মাদকাসক্ত না হয়ে খেলাধুলায় মনোযোগী হোক। তরুণ প্রজন্মকে বড়দের পরামর্শ শুনতে হবে, নিজের জীবনে পরিবর্তন আনার দায়িত্ব নিজেরই।” তিনি বলেন, নতুন বাংলাদেশ গঠনের সময় এসেছে, যেখানে সকলকে নিবেদিত হয়ে কাজ করতে হবে। “আমি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবসময় তরুণদের পাশে আছি”—বলেন তিনি।
সমাজে মাদক ছড়িয়ে পড়ার পেছনে সীমান্তবর্তী অবৈধ প্রবাহকে ইঙ্গিত করে তিনি বলেন, দেশের দুই সীমান্ত দিয়ে আসা ফেনসিডিল ও ইয়াবা তরুণদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই মাদকমুক্ত বাংলাদেশ গড়তে খেলাধুলাকে শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।
এছাড়া নারী খেলোয়াড়দের জন্য পৃথক ড্রেসিংরুমসহ প্রয়োজনীয় সব সুবিধা নিশ্চিত করা হবে বলে আশ্বাস দেন আসিফ আকবর। তিনি জানান, বিসিবি মাঠ পর্যায়ে নারী–পুরুষ নির্বিশেষে সবার খেলাধুলার সুযোগ বাড়াতে কাজ করছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক হাসানুজ্জামান, জিডি মেম্বার সেক্রেটারি আরমানুল ইসলাম, বিসিবি আম্পায়ার শাকির এবং জেলা ক্রিকেট কোচ রোকুনজ্জামান রাহাতসহ অনেকে। তারা খেলোয়াড়দের শৃঙ্খলা, মানসিক দৃঢ়তা, দক্ষতা এবং পেশাদারিত্ব নিয়ে ব্যবহারিক পরামর্শ দেন।
এর আগে আসিফ আকবর ঠাকুরগাঁও স্টেডিয়ামের অবকাঠামো উন্নয়ন পরিদর্শন করেন এবং স্থানীয় ক্রিকেট উন্নয়নে বিসিবির সহায়তা অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন।