সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
নেশার টাকা না পেয়ে নিজের বাবা-মাকে নির্যাতন এবং বসতবাড়িতে অগ্নিসংযোগের দায়ে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় রহমত আলী (৩৫) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ নভেম্বর, ২০২৫) এই দণ্ডাদেশ দেওয়া হয়।
জানা যায়, উপজেলার সিংগীবাড়ী ইউনিয়নের গুড্ডিমারী ৬ নং ওয়ার্ডের বাসিন্দা আমিনুর রহমানের ছেলে রহমত আলী নিয়মিত মাদকাসক্ত। মঙ্গলবার রাতে সে তার বাবা ও মায়ের কাছে নেশার জন্য টাকা চায়।
টাকা দিতে রাজি না হওয়ায় রহমত আলী তার বাবা-মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও শারীরিক নির্যাতন করে। পরিস্থিতি গুরুতর হওয়ায় তাঁরা বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন।
এরপর ক্ষোভে রহমত আলী বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নেভাতে সক্ষম হয়।
আজ বুধবার সকালে রহমত আলীর বাবা আমিনুর রহমান হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উপস্থিত হয়ে বিস্তারিত অভিযোগ জানালে ইউএনও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পুলিশ রহমত আলীকে গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়।