মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় অটিজম, বুদ্ধি প্রতিবন্ধীতা, সেরিব্রাল পালসি ও ডাউন সিনড্রোমসহ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মৌলিক শিক্ষার সুযোগ নিশ্চিত করতে নির্মিত হচ্ছে ‘টঙ্গীবাড়ী সুবর্ণ স্কুল’। জেলা প্রশাসনের উদ্যোগে এই বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানটির নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
উপজেলার মডেল মসজিদের পূর্ব পাশে টঙ্গীবাড়ী মৌজার ১ নং খতিয়ানভুক্ত ৬৬ নং দাগের ২৮ শতাংশ জমির উপর স্কুল ভবন নির্মাণ করা হচ্ছে। বুধবার সকাল ১১টায় নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, “এই স্কুলটি চালু হলে টঙ্গীবাড়ী ছাড়াও আশপাশের উপজেলার অটিজম ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা তাদের প্রয়োজনীয় মৌলিক শিক্ষা ও সহায়ক সেবা পাবে। উন্নত পরিবেশে এসব শিশুদের শেখার সুযোগ সৃষ্টি করাই আমাদের মূল লক্ষ্য।”
স্থানীয় প্রশাসন ও অভিভাবকরা মনে করছেন, এই স্কুল নির্মাণের মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও পুনর্বাসনে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হবে। ভবন নির্মাণ শেষ হলে বিশেষ প্রশিক্ষক, থেরাপি সুবিধা, নিরাপদ অবকাঠামো এবং উপযোগী পাঠ্যক্রমসহ একটি পূর্ণাঙ্গ শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।