মো: হোসেন, মনপুরা প্রতিনিধি
মনপুরা উপজেলায় দীর্ঘদিন পলাতক থাকা জিআর–৭৩/১৯ মামলার ওয়ারেন্টভুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. আবুল কালাম (৩৯–কে বিশেষ অভিযানে গ্রেপ্তার করেছে মনপুরা থানা পুলিশ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার চর ফয়েজউদ্দিন এলাকায় এএসআই সাগর দে দেবাশীষ ও এএসআই মিজানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০-এর ৩০২/৩৪ ধারায় সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আবুল কালামকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা পরিশোধ না করায় তাকে অতিরিক্ত ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডও প্রদান করা হয়।
রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে মনপুরা থানা পুলিশ মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেপ্তারের পর দুপুর ২টায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমান। তিনি বলেন, “আবুল কালাম ওয়ারেন্টভুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তাকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”