বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিয়োজিত ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে দু’পক্ষের এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ফ্রান্স দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর ক্রিশ্চিয়ান বেকও উপস্থিত ছিলেন। অন্যদিকে জামায়াত আমিরের সঙ্গে ছিলেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।
প্রায় ঘন্টাব্যাপী বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর টেকসইকরণ, মানবাধিকার পরিস্থিতি, এবং বাংলাদেশ–ফ্রান্সের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনা হয়।
ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ফ্রান্স সবসময়ই বাংলাদেশের স্থিতিশীলতা ও উন্নয়নকে গুরুত্ব সহকারে দেখে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
জামায়াত আমির ডা. শফিকুর রহমান ফ্রান্সের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও কূটনৈতিক সম্পর্কের প্রশংসা করেন। তিনি বলেন, ফ্রান্স বাংলাদেশের উন্নয়ন সহযোগী দেশগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশীদার এবং জলবায়ু পরিবর্তন, বাণিজ্য সম্প্রসারণ ও প্রযুক্তিগত সহায়তার ক্ষেত্রে ফ্রান্সের সহযোগিতা বাংলাদেশের উন্নয়নযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ সহযোগিতা আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বৈঠকে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্ভাবনা আরও প্রসারিত করার বিষয়েও আলোচনা হয়। জামায়াত আমির বাংলাদেশে গণতন্ত্রকে শক্তিশালী করা, মানবাধিকারের সুরক্ষা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার বিষয়ে দলের অবস্থান রাষ্ট্রদূতকে অবহিত করেন। বৈঠকের শেষে উভয় পক্ষই ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে আশা ব্যক্ত করেন।