“ঐক্যবদ্ধ রাজনীতি ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়” মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তিনি বলেছেন, উন্নয়ন, মানবিক দায়িত্ব ও জনগণের ভালোবাসাই তাঁর রাজনৈতিক অঙ্গীকার।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল ৫টায় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে দশমিনা উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নূর আরও জানান, এলাকার মানুষের ভালোবাসা ও উন্নয়নই তাঁর রাজনৈতিক প্রেরণা।
কেন্দ্রীয় নেতৃত্বে থাকলেও ঢাকার রাজনীতির ভরসায় নয়; বরং নিজ এলাকা পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসন থেকেই তিনি জাতীয় নির্বাচনে লড়াই করবেন।
নূর বলেন,” নির্বাচিত হলে দলীয় ভেদাভেদ নয়, বরং সকল দলের প্রতিনিধিদের নিয়ে গোলটেবিল বৈঠকের মাধ্যমে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম প্রণয়ন করা হবে।”
তিনি আরো বলেন, “১৬ বছরের ফ্যাসিবাদকে পরাজিত করে দেশ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক সূচনা করেছে। তাই এখন সবচেয়ে জরুরি রাজনৈতিক সমঝোতা, যাতে সংসদে রাষ্ট্র পুনর্গঠন ও উন্নয়ন নিয়ে যথার্থ আলোচনা হতে পারে।”
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. লিয়ার হোসেন। বক্তব্য দেন কেন্দ্রীয় উচ্চতর পরিষদ সদস্য রবিউল হাসান, ঢাকা মহানগর (উত্তর) সহ-সভাপতি মো. মিজান হাওলাদার, জেলা আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু, যুগ্ম-আহ্বায়ক আবু কালাম পঞ্চায়েত এবং সদস্য সচিব মো. শাহআলম সিকদার।