সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর বহু বছর আগের একটি মন্তব্য আবার আলোচনায় এসেছে। ভিডিওটি পুনরায় ভাইরাল হওয়ায় এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী।
রাঙ্গুনিয়া আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রচারণার সময় হুম্মাম বলেন, আদালতে তাঁর বাবার মন্তব্য শুধু ব্যক্তিগত মত ছিল না—বরং বহুদিন ধরে সাধারণ মানুষের মধ্যেও একই প্রত্যাশা তৈরি হয়েছিল।
মিডিয়ার সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আব্বা যখন আদালতে ভবিষ্যতের কথা বলেছিলেন, সেটা তাঁর দৃষ্টিভঙ্গি ছিল। কিন্তু দেশের মানুষও অনেক আগে থেকেই বিশ্বাস করত—একদিন শেখ হাসিনার বিচার হবেই।”
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সালাহউদ্দিন কাদের চৌধুরী আদালতে বিচারকদের উদ্দেশে বলছেন, “আমি চাই এই ট্রাইব্যুনাল বন্ধ না হোক। রাজনৈতিক পরিস্থিতি বদলালে এখানেই শেখ হাসিনার বিচার হবে।”
হুম্মাম আরও বলেন, “হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল, মানুষ সেগুলোর অনেকটাই জানত। তাই অনেকে মনে করতেন—আব্বার মন্তব্য ভবিষ্যদ্বাণীর মতো হলেও, সেটা আসলে বহু মানুষের অনুভূতির প্রতিফলন। এই রায় বাংলাদেশে একদিন না একদিন হবেই—এটা জনমনে অনেক দিন ধরে ঘুরে বেড়াচ্ছিল।”
উল্লেখ্য, সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ শেখ হাসিনাকে তিনটি অভিযোগে মৃত্যুদণ্ড এবং আরও দুটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ডের রায় দেয়। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং মামলার সাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল–মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।