বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ধৈর্য, সতর্কতা ও জাতীয় ঐক্য বজায় রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে তিনি এই আহ্বান জানান।
তিনি লেখেন, বাংলাদেশ আজ এক “গুরুত্বপূর্ণ মোড়ে” দাঁড়িয়ে আছে। রাজনৈতিক উত্তাপ, সামাজিক অস্থিরতা ও দীর্ঘ অনিশ্চয়তার প্রেক্ষাপটে ন্যায়বিচার, সত্য এবং জনগণের অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা আগের চেয়ে আরও বেশি স্পষ্ট হয়ে উঠেছে।
তিনি আরও বলেন, কোনো দেশ তখনই এগিয়ে যেতে পারে যখন সেখানে বৈধতা, ন্যায়, স্বচ্ছতা ও জনগণের মতামতের প্রতি সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়। ব্যক্তিকেন্দ্রিক রাজনীতিকে বাদ দিয়ে নীতিনির্ভর রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা এখন সময়ের দাবি বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াত আমির বলেন, “আমাদের সংগ্রাম কারও বিরুদ্ধে নয়; আমাদের সংগ্রাম ন্যায়, অধিকার, গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে।” তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়তে হবে যেখানে নাগরিকরা নিরাপদে মত প্রকাশ করতে পারবেন, যেখানে বিচার হবে সম্পূর্ণ নিরপেক্ষ, এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে পরিবর্তন আসবে।
পোস্টের শেষে তিনি দেশবাসীকে ধৈর্য, সতর্কতা ও ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, শান্তি, ন্যায় ও জাতীয় পুনর্গঠনে সবারই দায়িত্ব রয়েছে। দেশের জন্য তিনি কল্যাণ, সত্য ও ন্যায়ের পথ প্রার্থনা করেন।