মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডে সন্তুষ্টি প্রকাশ করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান। তিনি বলেছেন, দেশে দৃষ্টান্ত স্থাপনের জন্য শেখ হাসিনার ‘প্রকাশ্য ফাঁসি’ নিশ্চিত করতে হবে।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন,
“শেখ হাসিনার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগই প্রমাণিত হয়েছে। একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড এবং দুটি অভিযোগে মৃত্যুদণ্ডের রায় এসেছে। এ রায়ের জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।”
তিনি আরও বলেন,
“গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনাকে ভারত থেকে দেশে ফেরাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ভবিষ্যতে যেন এ দেশের মাটিতে আর কোনো নতুন ফ্যাসিস্ট জন্ম নিতে না পারে—সেজন্য কঠোর ও প্রকাশ্য শাস্তি প্রয়োজন।”
এর আগে সকালে রাজধানীর পুরানা পল্টনে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম ওফাত দিবস উপলক্ষে জাগপা আয়োজিত আলোচনায় রাশেদ প্রধান বলেন,
“দূরদর্শী ভাসানী পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ করেছিলেন। দেশের স্বাধীনতার স্বপ্ন তিনি মানুষের মধ্যে বপন করেছিলেন। মুজিব নয়, স্বাধীন বাংলার প্রকৃত স্বপ্নদ্রষ্টা মওলানা ভাসানী।”
তিনি আরও মন্তব্য করেন,
“নতুন বাংলাদেশ গঠনে ভাসানীর রাজনৈতিক আদর্শই আমাদের পথনির্দেশক। এক ফ্যাসিস্ট বিদায় হলে আরেক ফ্যাসিস্টের উত্থান হতে দেওয়া যাবে না। চাঁদাবাজি, দখলদারি আর ভারতের গোলামির রাজনীতি যারা ফের শুরু করতে চায়—আগামী নির্বাচনে জনগণ তাদের প্রতিহত করবে।”
সভায় সভাপতিত্ব করেন জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। আরও বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, হাজি মো. হাসমত উল্লাহ, যুগ্ম সম্পাদক রওশন আলম, সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু ও শ্রমিক জাগপার সভাপতি আসাদুজ্জামান বাবুল প্রমুখ।