মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার রায়কে “আন্তর্জাতিক মানসম্পন্ন” ও “নিরপেক্ষ” বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, খুনি হাসিনার বিরুদ্ধে আসা এই রায় দীর্ঘদিনের জনমানসের প্রত্যাশা পূরণ করেছে।
সোমবার (১৭ নভেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ রায় ঘোষণা করেন। শেখ হাসিনা বর্তমানে পলাতক থাকায় তার আপিল করার কোনও সুযোগ নেই।
রায় ঘোষণার পর জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, “এই বিচারে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। এটি সম্পূর্ণ নিরপেক্ষভাবে হয়েছে এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হয়েছে। আজকের দিনটি বাংলাদেশের বিচারব্যবস্থার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরো বলেন, “মানবতাবিরোধী অপরাধীদের বিচারের দাবি ছিল জনগণের। আজকের রায়ের মাধ্যমে সেটি আংশিক হলেও পূরণ হয়েছে।”
জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া এ রায়কে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে তিনি বলেন, “দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সরকারের প্রধান সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত হলেন। এ ঘটনা বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”