আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষণার আগমুহূর্তে ভারতীয় নম্বর থেকে প্রসিকিউশন টিমের সদস্যদের হত্যার হুমকি দেয়া হয়েছে। রোববার (১৬ নভেম্বর) রাত থেকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামসহ পুরো টিমকে লাগাতার ফোন করে ভয়াবহ হুমকি দেয়া হয়।
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, রাতজুড়ে তিনি অসংখ্য কল পেয়েছেন। এক সময় বাধ্য হয়ে মোবাইল ফোন বন্ধ করে দিতে হয়। তিনি বলেন, “একই ভাষা, একই হুমকি—নেত্রীর সাজা হলে তোমাদের জীবন শেষ করে দেবো। এসবই কাপুরুষ ও গণহত্যাকারীদের ভাষা। এগুলো আমলে নেয়ার কিছু নেই।”
টিমের সদস্যরাও জানিয়েছেন, রাত থেকে প্রত্যেকে বারবার হুমকির ফোন পেয়েছেন। এর মধ্যে বেশিরভাগ কল এসেছে ভারতের কান্ট্রি কোড (+91) ব্যবহার করে। কলাররা পরিচয় গোপন রেখে অকথ্য গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। প্রসিকিউটর তারেক আবদুল্লাহ জানান, “গতকাল সন্ধ্যা থেকেই অজ্ঞাত নম্বর থেকে কল আসতে শুরু করে। আজও বহুবার ফোন দিয়েছে। বলেছে—শেখ হাসিনার সাজা হলে তোমাদের কাউকে বাঁচতে দেয়া হবে না।”
প্রসিকিউশন সূত্র বলছে, রায় ঘোষণার আগে এ ধরনের সমন্বিত হুমকি বিচারিক প্রক্রিয়া ভীতি প্রদর্শনের চেষ্টা মাত্র। তবে তারা জানিয়েছেন, এসব হুমকি বিচার কার্যক্রমকে প্রভাবিত করতে পারবে না।
রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। প্রসিকিউশন টিমকে অতিরিক্ত নিরাপত্তা দিতে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে আলোচনা চলছে।
আইন বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের বিদেশি নম্বর ব্যবহার করে হুমকি দেয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং বিচারকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে পরিচালিত। তারা বলছেন, শেখ হাসিনার মামলার রায় যেহেতু বিশ্বজুড়ে নজর কাড়ছে, তাই এ মুহূর্তে চাপ ও ভীতি সৃষ্টি করার অপচেষ্টা বাড়তে পারে।
আগামী সোমবার ঘোষিত হতে যাচ্ছে বহুল আলোচিত এ মামলার রায়, যা দেখতে প্রস্তুত দেশ-বিদেশের কোটি মানুষ।