মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার সোমবারের রায়কে কেন্দ্র করে জামায়াতে ইসলামীসহ আটদলীয় জোট সেদিন মাঠে থাকবে। রোববার আট দলের যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন প্রসঙ্গে তিনি বলেন,
“আমরা অতীতের কর্মসূচিতেও মাঠে ছিলাম, এবারও ফ্যাসিবাদের পক্ষে নাশকতার কোনো সুযোগ জাতি দেবে না। তারা (আওয়ামী লীগ) এটার সুযোগ পাবে না। আমরা আটদল মাঠে থাকবো।”
জামায়াতের পাঁচ দফা দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি আরও জানান,
আটদলীয় জোট গণভোটে “হ্যাঁ বলার জন্য” সিদ্ধান্ত নিয়েছে এবং জনগণকে ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করা হবে।
সংবাদ সম্মেলনে বলা হয়, প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, তাতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য জনগণের যে আকাঙ্ক্ষা ছিল তার “আংশিক পূরণ হয়েছে।”
আট দলের পাঁচ দফা দাবির যেগুলো এখনো বাস্তবায়ন হয়নি, সেগুলোর দাবিতে আন্দোলন ও কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানানো হয়।