বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, দেশের মানুষ আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া কোনো দলকে ভোট দেবে না। তিনি দাবি করেন, দীর্ঘদিনের রাজনীতিতে জনগণ বারবার প্রতারিত হয়েছে এবং এখন তারা পরিবর্তন চাইছে।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামের গুণবতী হাইস্কুল মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।
ডা. তাহের বলেন, “সংস্কারকে প্রত্যাখ্যান করা মানে আবারও ১৫ বছরের অন্ধকারে ফিরে যাওয়া, ফ্যাসিবাদের জন্য দরজা খুলে দেওয়া।” তিনি আরও বলেন, বিএনপি বড় দল হলেও জনগণের কাছে আর জনপ্রিয় নয়। বর্তমান সময়ে দেশের মানুষের আস্থার শীর্ষে রয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্ব—এ দাবি করেন তিনি।
হত্যা, লুটপাট ও দমন–পীড়নের রাজনীতি থেকে বেরিয়ে এসে দেশকে শান্তি ও স্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন ডা. তাহের। তিনি বলেন, “সকল দলেরই স্বাধীনভাবে রাজনীতি করার অধিকার নিশ্চিত করা হবে। সনাতন ধর্মাবলম্বীসহ সব ধর্মের মানুষই নিরাপদে, শান্তিতে বসবাস করবেন—এ নিশ্চয়তা আমরা দিচ্ছি।”
স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে ডা. তাহের বলেন, “বিএনপি করা আপনার অধিকার, কিন্তু এলাকার উন্নয়নের স্বার্থে ভোট আমাকে দিন।” তার বক্তব্যে মাঠজুড়ে উপস্থিত জনতার মধ্যে উৎসাহ ও সাড়া লক্ষ্য করা যায়।
দীর্ঘ ১৭ বছর পর গুণবতী ইউনিয়নে অনুষ্ঠিত জামায়াতের এই বৃহৎ সমাবেশকে কেন্দ্র করে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। নানা ব্যানার–ফেস্টুন, জাতীয় পতাকা, দাঁড়িপাল্লার প্রতীক ও স্লোগানে মুখর ছিল মাঠ ও আশপাশের এলাকা।
স্থানীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন।
সমাবেশে সভাপতিত্ব করেন গুণবতী ইউনিয়ন জামায়াতের আমির মো. ইউসুফ মেম্বার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মু. মাহফুজুর রহমান ও জামায়াত ঢাকা মহানগর উত্তরের কর্ম পরিষদ সদস্য ভিপি শাহাব উদ্দিন। সমাবেশে স্থানীয়দের উপস্থিতি ও উচ্ছ্বাস আগামী নির্বাচনে জামায়াতের প্রত্যাশাকে আরও জোরদার করেছে বলে নেতারা মনে করেন।