সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার নুর নিহানের বাবা শাহিনুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে শহরের আরপিননগর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার বিকেলে তাকে আদালতে হাজির করলে বিচারক শাহিনুরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার নুর নিহান গত বুধবার রাতে সুনামগঞ্জ সদর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাত নম্বর আসামি। তার বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ও কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
এদিকে জেলা যুবদলের সহসভাপতি আমির হোসেন দাবি করেছেন, গ্রেপ্তার হওয়া শাহিনুর রহমান জেলা যুবদলের সাবেক নেতা এবং সাবেক জেলা কমিটির সহসভাপতি ছিলেন। বিএনপির রাজনীতিতে তার সক্রিয় ভূমিকা রয়েছে বলেও তিনি জানান। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে বলে তিনি দাবি করেন।
অভিযোগ অস্বীকার করে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, “সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি তার ছেলে ও দলের লোকজনকে নাশকতার কাজে উসকানি দিতেন এবং বিভিন্নভাবে সহায়তা করতেন। সম্পৃক্ততা না থাকলে পুলিশ কাউকে গ্রেপ্তার করে না।”