সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে শর্টগানের ৯৫০ রাউন্ড কার্তুজসহ দুইজন কে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৫ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলটি আটক করে তল্লাশি করলে ৯৫০ রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।
এসময় ঘটনাস্থল থেকেই ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত দুইজনই সুনামগঞ্জ সদর থানার রাধানগর এলাকার আমপাড়া গ্রামের বাসিন্দা মোঃ মামুন মিয়া (২৩) এবং মোঃ উবায়দুল (২১)।
পুলিশ জানায়, শনিবার (১৫ নভেম্বর) সকাল ৬ টায় ডিউটি পালনকালে ডিবি পুলিশের এসআই আব্দুর রহিম জীবন গোপন তথ্য পান যে, বিশ্বম্ভরপুর থানার চালবন থেকে রাধানগর হয়ে জামালগঞ্জ সাচনা বাজারের দিকে দুইটি মোটরসাইকেলে শর্টগানের কার্তুজ বহন করা হচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল দ্রুত সাচনা বাজার এলাকায় অবস্থান নেয়।
পরবর্তীতে সকাল ৭টার দিকে সন্দেহজনক দুটি মোটরসাইকেলকে থামার নির্দেশ দেওয়া হলে একটি মোটরসাইকেলে থাকা দুইজন দ্রুত পালিয়ে যায়। এসময় অন্য মোটরসাইকেলটি আটক করে তল্লাশি করলে ৯৫০ রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। এসময় দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুইজনসহ পলাতক দুইজনের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় অস্ত্র আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।