সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পাওয়ার পর প্রথমবার নিজ উপজেলা মদনে পৌঁছালে স্থানীয় জনসাধারণ ও রাজনৈতিক নেতাকর্মীরা তাকে গণসংবর্ধনা দেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলা পাবলিক হল মাঠে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা সমাবেশে বাবর বলেন, তার বিরুদ্ধে ১৭ বছরের নির্যাতনের কথা বলা হলেও আওয়ামী সরকার আমলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন দেশনেত্রী খালেদা জিয়া ও তার পরিবার। তিনি স্মরণ করিয়ে দেন, খালেদা জিয়া তার ছোট ছেলে আরাফাত রহমানকে হারিয়েছেন এবং তারেক রহমান মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন।
কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমরা যদি তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, তবে উন্নয়নের রাজনীতি করতে হবে এবং দলের ভেতরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। শহীদ জিয়ার আদর্শ নিয়ে রাজনীতি করলেই দেশ ও জাতি উপকৃত হবে।”
যুবসমাজকে উদ্দেশ করে বাবর বলেন, পড়াশোনা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে যোগ্য করে তুলতে হবে। চাকরি কিংবা ব্যবসা—যে ক্ষেত্রেই প্রবেশ করুক, যোগ্যতা ও দক্ষতা অর্জনের বিকল্প নেই। তিনি বলেন, একটি পরিবারের একজন সদস্য চাকরি পেলে পুরো পরিবার এগিয়ে যেতে পারে। প্রয়োজন হলে তিনি ব্যক্তিগতভাবে সহযোগিতার আশ্বাসও দেন। তার প্রধান লক্ষ্য হবে নির্বাচনী এলাকায় বেকারত্ব দূর করা এবং সমগ্র অঞ্চলের উন্নয়ন।
খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়ে বাবর বলেন, “উনার ওপর অনেক নির্যাতন হয়েছে, তার পরিবারের ওপরও হয়েছে। আপনারা চাইলে—আমাদের নেতা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। তার মতো যোগ্য ব্যক্তি আর নেই।”
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার। উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা আব্দুল্লাহ আল মাহমুদ খান রণি, সদর উপজেলা বিএনপির সভাপতি মজিবুর রহমান খান, মদন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দসহ যুবদল–ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতারা।