আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৬ আসনে গণসংযোগ শুরু করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। শুক্রবার বাদ জুমা মতিঝিল এলাকায় গণমিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বিগত স্বৈরাচার আমলে নির্যাতিত সব রাজনৈতিক দলের নিরাপত্তার জন্য জুলাই সনদকে আইনি রূপ দেওয়া হবে। দেশের রাজনীতিতে আর কাউকে স্বৈরাচার হওয়ার সুযোগ দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
ইশরাক আরও বলেন, বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশপন্থি রাজনীতি করতে হবে। জনগণের সঙ্গে বিশ্বাস ও মূল্যবোধের সম্পর্কই রাজনীতির মূল শক্তি—এ কথা স্মরণ করিয়ে তিনি জানান, ঢাকা-৬ আসনের মানুষের প্রত্যাশা পূরণ করাই হবে তার মূল লক্ষ্য।
মতিঝিল ব্রাদার্স ক্লাব থেকে গণসংযোগ শুরু হয়ে ইত্তেফাক মোড়, সূত্রাপুর হয়ে ওয়ারীর জয়কালী মন্দির পর্যন্ত মিছিল এগিয়ে যায়। পথে পথে সাধারণ মানুষ ব্যালকনি ও জানালা থেকে ইশরাককে শুভেচ্ছা জানান। কেউ কেউ ফুল দিয়ে তাকে বরণ করে নেন। নেতাকর্মীদের মধ্যেও ছিল উৎসাহ ও উচ্ছ্বাস।
তিনি বলেন, বিএনপি যদি আগামী জাতীয় নির্বাচনে বিজয়ী হতে পারে, তবে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির আলোকে বাংলাদেশকে নতুনভাবে সাজানো হবে। স্বৈরশাসনের সময়ে যারা মানুষ হত্যা করেছে—তাদের বিচার জীবদ্দশায় কার্যকর হতে দেখলে তিনি নিজেকে ধন্য মনে করবেন বলেও মন্তব্য করেন ইশরাক।
গণসংযোগকে কেন্দ্র করে দুপুর থেকেই মতিঝিল এলাকায় ছোট-বড় মিছিল যোগ দিতে থাকে। নেতাকর্মীরা স্লোগান ও ব্যানার নিয়ে ইশরাক হোসেনের পাশে অবস্থান নেন, যা পুরো এলাকা প্রাণবন্ত করে তোলে।