মো. মিরাজ হোসাইন, ভোলা:
ভোলা-২ (দৌলতখান–বোরহানউদ্দিন) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মুফতি রেযাউল করীম বুরহানী শুক্রবার দিনব্যাপী নুরমিয়ার হাট ও খায়েরহাট বাজার এলাকায় গণসংযোগ করেছেন। সকাল থেকেই তাঁর আগমন ঘিরে এলাকাজুড়ে উৎসাহ–উদ্দীপনা দেখা যায়।
গণসংযোগে ব্যবসায়ী, ক্রেতা ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় তিনি এলাকাবাসীর অভাব–অভিযোগ শোনেন এবং উন্নত শিক্ষা, নৈতিক সমাজব্যবস্থা ও শান্তিপূর্ণ নির্বাচনের অঙ্গীকার তুলে ধরেন।
স্থানীয় নির্বাচন পরিচালনা কমিটি, থানা কমিটি ও নূরমিয়ারহাট আঞ্চলিক কমিটির নেতারা গণসংযোগে অংশ নেন। তাদের ভাষ্যমতে, হাতপাখা প্রতীকের পক্ষে এলাকায় ইতোমধ্যেই ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে।
তারা বলেন,“নূরমিয়ার হাট ও খায়েরহাট বাজারে আজকের গণসংযোগ প্রমাণ করে জনগণ পরিবর্তন ও সৎ নেতৃত্ব চায়।”
স্থানীয়দের মতে, বিভিন্ন দলের গণসংযোগে নির্বাচনী পরিবেশ প্রাণবন্ত হয়ে উঠেছে এবং শান্তিপূর্ণ নির্বাচনই সবার প্রত্যাশা।