বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আজকে দেশজুড়ে মানুষ ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচনের অপেক্ষায় আছে। তিনি বলেন, নির্বাচিত সরকার গঠিত হলেই বর্তমানে যেসব সাংবিধানিক, অর্থনৈতিক ও কাঠামোগত সমস্যার কথা বলা হচ্ছে—সবকিছুরই সমাধান সম্ভব হবে।
আজ (শুক্রবার, ১৪ নভেম্বর) চট্টগ্রাম নগরীর হোটেল পেনিনসুলায় চট্টগ্রাম ট্রাভেল ফোরামের আয়োজনে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।
আমির খসরু বলেন,
“দেশে যে সমস্যাগুলো পুঞ্জিভূত হয়েছে, তার সমাধান নির্বাচিত সরকারই দিতে পারবে। এখন রাজনৈতিক পরিবর্তনের দিকে আমরা ফোকাস দিচ্ছি। জনগণের প্রধান চাহিদা—গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে একটি উৎসবমুখর নির্বাচন। ছোটখাটো ইস্যুতে জনগণের মনোযোগ নেই, সবাই চায় নির্বাচন।”
শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলাগুলোর রায় প্রসঙ্গে তিনি বলেন,
“রায় কোনদিকে যাবে তা বিচারবিভাগের ওপর নির্ভর করে। তাই সবার উচিত বিচারব্যবস্থার ওপর আস্থা রাখা।”
এর আগে অনুষ্ঠানে নিজের বক্তব্যে তিনি বলেন,
“বিএনপি ক্ষমতায় গেলে সবার জন্য ফ্রিতে প্রাথমিক সেবা নিশ্চিত করা হবে।”
সেমিনার উদ্বোধন শেষে তিনি মেডিকেল ভ্যালু ট্রাভেল সামিটের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। দিনব্যাপী এই সামিটে চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত ও বাংলাদেশের শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, মেডিকেল ভ্যালু ট্রাভেল ফ্যাসিলিটেটর, করপোরেট প্রতিনিধি এবং ট্রাভেল এজেন্সির কর্মকর্তারা অংশ নেন।