ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি অভিযোগ করেছেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতারা তাকে ফোন করে হত্যার হুমকি দিয়েছে। শুক্রবার ভোরে নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি এই অভিযোগ করেন।
ওসমান হাদি জানান, গত তিন ঘণ্টায় তার ব্যক্তিগত নম্বর ব্যবহার করে অন্তত ৩০টি বিদেশি নম্বর থেকে কল ও মেসেজ এসেছে। তার দাবি, এসব নম্বর থেকেই তাকে জানানো হয়েছে যে তিনি সর্বক্ষণ নজরদারিতে আছেন। আরও হুমকি দেওয়া হয়েছে তার বাড়িতে আগুন দেওয়ার এবং তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করার। পাশাপাশি তাকে হত্যারও হুমকি দেওয়া হয়েছে।
তিনি পোস্টে উল্লেখ করেন, ১৭ তারিখে শেখ হাসিনার রায় ঘোষণাকে ঘিরে তিনি শঙ্কা এবং চাপের মুখে আছেন। ওসমান হাদির ভাষ্য, “১৪০০ শহীদের রক্তের ঋণ মেটাতে আমার বাড়ি-ঘর জ্বালিয়ে দেওয়া হোক বা আমাকে পুড়িয়ে মারা হোক— ইনসাফের লড়াই থেকে এক চুলও নড়বো না।”
ওসমান হাদি আরও লেখেন, আবরার হত্যা দেশের মানুষের মধ্যে প্রতিরোধের চেতনা জাগিয়েছে। “এক হাদিকে হত্যা করা হলে আল্লাহ এই জমিনে আরও অসংখ্য হাদি তৈরি করে দেবেন,” উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার ক্রুদ্ধ স্বর কখনো থামানো যাবে না।
নিজের পোস্টে তিনি তার পরিবার ও সহযোদ্ধাদের আল্লাহর কাছে সোপর্দ করে উল্লেখ করেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত তাদের লড়াই চলবে। লেখার শেষে তিনি জানান, তিনি তার ঈমানি শক্তি ও সাহস আল্লাহর কাছেই চান।