ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা নতুন একটি স্লোগানে পুরো ক্যাম্পাস উত্তাল করে তোলেন—
“আলু না গণভোট—গণভোট গণভোট।”
মিছিল–পরবর্তী সমাবেশের একপর্যায়ে এই স্লোগানটি জোরদার হয়ে ওঠে। বক্তারা দাবি করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি গণভোটের চাইতে আলুর দাম নির্ধারণকে বেশি জরুরি বলেছেন। তার বক্তব্যের প্রতিবাদে উপস্থিত শিক্ষার্থীরা গণভোটের দাবিতে এই স্লোগান তোলেন।
রাজু ভাস্কর্য এলাকায় অনুষ্ঠিত এ সমাবেশে শিবিরের নেতারা বলেন, জুলাই গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধ—এই তিনটি দাবিতে ছাত্রসমাজ রাজপথে রয়েছে এবং থাকবে।
সমাবেশে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন,
“জুলাই গণহত্যার বিচার নিয়ে টালবাহানা চলছে। এত প্রমাণ থাকা সত্ত্বেও সরকার সময় নষ্ট করছে। আওয়ামী লীগ মানুষ নয়, পশু। মানুষ মানুষের প্রতি দয়া দেখায়—এরা তো পশু।”
তিনি আরও বলেন,
“আপনাদের নেত্রী আপনাদের ফেলে হেলিকপ্টারে পালায় গেছে। সেই নেত্রীর কথায় আপনারা এখন ইঁদুর–বিড়াল দৌড় খেলছেন। আমরা হাসিনাকে একটি লাল কার্ড দেখিয়েছি। ভবিষ্যতে যারা ফ্যাসিস্ট হবে—ছাত্র–জনতা তাদের ডাবল লাল কার্ড দেখাবে।”
রাজধানীতে শিবিরের বিক্ষোভ শুধু ঢাবিতেই সীমাবদ্ধ ছিল না। সংগঠনটি জানিয়েছে, তারা অন্তত ১৪টি পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছে—উত্তরা বিএনএস, খিলখেত, বসুন্ধরা গেট, গাবতলি, মিরপুর–১০, ধানমন্ডি–৩২, সায়েন্সল্যাব, শাহবাগ, রামপুরা, মহাখালী, গুলিস্তান, বাহাদুর শাহ পার্ক, যাত্রাবাড়ী এবং চিটাগাং রোড।