জিয়াউর রহমান ,পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের সাঈদখালী গ্রামে পাওনাদারের বাড়ি থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় খালেক শেখের বাড়ি থেকে মিজান হোসেন (৪০)-এর লাশ উদ্ধার করা হয়। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন এবং অবসর সময়ে স্থানীয় জেলেদের সঙ্গে গভীর সমুদ্রে মাছ ধরতে যেতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় চার মাস আগে ট্রলারের মালিক খালেক শেখের ছেলে মহারাজের কাছ থেকে মিজান অগ্রিম বাবদ পাঁচ হাজার টাকা নেন। এরপর থেকেই তিনি এলাকা ছেড়ে অন্যত্র চলে যান। সম্প্রতি শাশুড়ির মৃত্যুর সংবাদে মিজান বাড়িতে ফিরে আসলে মঙ্গলবার রাতে মহারাজ ও শাহিনসহ ৪–৫ জন তাকে মোটরসাইকেলে করে মহারাজের বাড়িতে নিয়ে গিয়ে আটকিয়ে রাখে বলে অভিযোগ উঠেছে।
মহারাজের মা নেহেরুন বেগম বলেন, “আমি তখন বাড়িতে ছিলাম না। বুধবার বিকেলে ফিরে এসে শুনি মিজান অসুস্থ হয়ে পড়েছে। পরে দোতলায় গিয়ে দেখি তিনি অচেতন অবস্থায় পড়ে আছেন। প্রতিবেশীদের ডেকে দেখি, তখন তিনি মারা গেছেন।”
মহারাজের স্ত্রী দাবি করেন, “বাড়িতে আমি ছাড়া আর কেউ ছিল না। মিজান অসুস্থ হয়ে কয়েকবার বমি করেছেন, তাই বিশ্রামের জন্য তাকে দোতলায় থাকতে দেওয়া হয়।”
ইন্দুরকানী থানার এসআই প্রশান্ত বালা বলেন, “সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”