গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর বলেছেন, “আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন না হলে দেশ বড় ধরনের রাজনৈতিক ও সাংবিধানিক বিপর্যয়ের মুখে পড়বে।” তিনি আরও বলেন, “নির্বাচন বানচালের জন্য দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র চলছে, কিন্তু কোনো ষড়যন্ত্রই সফল হবে না। জনগণ এবার ভোটাধিকার ফিরে পেতে দৃঢ়প্রতিজ্ঞ।”
বুধবার (১২ নভেম্বর) বিকেলে হবিগঞ্জ পৌরসভা মাঠে এক নির্বাচনী জনসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি, গণভোট ও আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত মতামত ব্যক্ত করেন।
গণভোট প্রসঙ্গে নূর বলেন, “এ মুহূর্তে আলাদা করে গণভোট আয়োজনের কোনো বাস্তবতা নেই। অনেক রাজনৈতিক দল একমত হয়েছে যে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে জাতীয় নির্বাচনের দিনই গণভোট আয়োজন করা যেতে পারে। এতে সময় ও খরচ দুটোই সাশ্রয় হবে এবং জনগণের অংশগ্রহণ বাড়বে।”
তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, যদি নিরপেক্ষভাবে নির্বাচন হয়, তবে জনগণ তাদের মত প্রকাশ করবে এবং বাংলাদেশ আবারও গণতান্ত্রিক পথে ফিরে আসবে। জনগণ এখন জেগে উঠেছে, তারা আর কাউকে ভোটাধিকার ছিনিয়ে নিতে দেবে না।”
জোট গঠন প্রসঙ্গে নূর জানান, গণঅধিকার পরিষদ কোনো জোটে যাচ্ছে না। তিনি বলেন, “আমরা ইতোমধ্যে নির্বাচনী প্রচারণা শুরু করেছি এবং স্বাধীনভাবে মাঠে আছি। আমাদের লক্ষ্য জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, কোনো দলের ছায়াতলে নয়।”
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি সিরাজুল ইসলাম। এতে বক্তব্য দেন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান মিজু, হবিগঞ্জ জেলা সভাপতি চৌধুরী আশরাফুল বারী নোমান, তাহমিদ হাসান ও ছাত্রনেতা মাহদী হাসান। জনসভায় স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ছিল।