কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন কর্মসূচির’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলা মোটর মোড় থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে শাহবাগ পর্যন্ত অগ্রসর হয়। মিছিলে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য, ছাত্র, যুব, শ্রমিক, নারী ও স্বেচ্ছাসেবক ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা “ফ্যাসিস্টদের বিচার চাই”, “লকডাউন নয়, স্বাধীনতা চাই”, “বাংলাদেশে আর আওয়ামী তাণ্ডব চলবে না”—এমন নানা স্লোগান দেন। প্রতিবাদী এই মিছিল শেষ হয় শাহবাগে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে।
সমাবেশে এনসিপি নেতারা বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাঁকডাককে ভয় পায় না এনসিপি। যারা জুলাইযোদ্ধাদের ভয় দেখিয়ে মাথাচাড়া দিতে চায়, তারা ভুলে যাক—বাংলাদেশের মাটি আর তাদের জন্য নিরাপদ নয়।”
এনসিপির পক্ষ থেকে জানানো হয়, “দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবে না। জনগণ ঐক্যবদ্ধ, ফ্যাসিবাদের অবসান ঘটাতে তারা রাজপথে আছেন। আওয়ামী লীগের দোসর কিংবা তাদের মদদপুষ্ট গোষ্ঠী কোনো বিশৃঙ্খলা ছড়াতে পারবে না।”
এ সময় বক্তারা বিএনপি, জামায়াত ও আটদলীয় জোটের গণভোট আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন এবং আওয়ামী লীগের বিচারের দাবিতে রাজপথে লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার করেন।
এদিকে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও চেকপোস্ট জোরদার করা হয়েছে যাতে কোনো ধরনের সহিংসতা বা নাশকতা সংঘটিত না হয়।