বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে আলোচনার কিছুই নেই। তারা নির্বাচনী রেসে নেই, তাদের নেত্রীও নেই।”
বুধবার (১২ নভেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন কর্মসূচি’ প্রসঙ্গে তিনি বলেন, “এটা পুরোপুরি আইনশৃঙ্খলার বিষয়। আইনশৃঙ্খলা বাহিনীগুলো কঠোর অবস্থানে থাকবে—এটাই প্রত্যাশা। যেহেতু আওয়ামী লীগ এখন নির্বাচনী রেসের বাইরে, তাদের নেত্রীও দেশে নেই, সুতরাং তাদের কর্মসূচি নিয়ে আলোচনা করার কিছু নেই। আইনশৃঙ্খলা বাহিনীকে আরও দৃঢ় অবস্থানে থাকতে হবে।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ এখন নিষিদ্ধ কার্যক্রমের আওতায় রয়েছে। তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না। সারাদেশে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম এগিয়ে চলছে। নির্বাচন নিয়ে কোনো উৎকণ্ঠা নেই। তবে যদি অন্য কোনো মহল সহিংসতা সৃষ্টি করতে চায়, সরকার ও প্রশাসনকে কঠোরভাবে তা দমন করতে হবে।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, “ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে নির্বাচনের সার্বিক অগ্রগতি, মনোনয়ন প্রক্রিয়া এবং প্রার্থিতা নিয়ে। এখন পর্যন্ত ২৩৭টি মনোনয়ন গ্রহণযোগ্য ও সন্তোষজনক হয়েছে বলে আমরা মনে করি।”
জুলাই সনদ প্রসঙ্গে আমীর খসরু বলেন, “ঐকমত্যের ভিত্তিতেই জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। এরপরও যদি কেউ নতুন বিতর্ক তুলতে চায়, সেটি রাজনৈতিকভাবে অসৎ উদ্দেশ্যের বহিঃপ্রকাশ।”
তিনি আরও জানান, ইইউ প্রতিনিধি দল নির্বাচনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভোট আয়োজনের বিষয়ে সহায়তা অব্যাহত রাখছে এবং তাদের পক্ষ থেকে কোনো উদ্বেগ নেই।