বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, “ঘাপটি মেরে বিএনপিতে ঢোকার চেষ্টা করছে আওয়ামী ফ্যাসিস্টদের দোসররা। সুযোগ পেলেই এরা ছোবল মারবে।” বুধবার (১২ নভেম্বর) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার হযরতপুর ইউনিয়নের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আমান উল্লাহ আমান বলেন, “৫ আগস্টের আগে যারা বিএনপির নেতাকর্মীদের ওপর জুলুম, নির্যাতন, হামলা ও মামলা চালিয়েছে—আজ তারাই মুখোশ বদলে বিএনপিতে আশ্রয় নিতে চাইছে। এরা আওয়ামী ফ্যাসিস্টদের প্রতিনিধি। সময় এলে তাদের আসল চেহারা প্রকাশ পাবে। তাই সবাইকে সজাগ থাকতে হবে।”
তিনি আরও বলেন, “বর্তমান সরকার কার্যত নিজেদের দলকেই নিষিদ্ধ করে ফেলেছে। তারা এখন জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের প্রতীকও থাকবে না। তাই ধানের শীষের বিজয় মানেই হবে জনগণের বিজয়, স্বাধীনতার প্রতীক।”
অতীতের ঘটনার প্রসঙ্গ টেনে বিএনপি নেতা বলেন, “এই হযরতপুরেই ফ্যাসিবাদী দোসররা একসময় মসজিদে হামলা করেছিল, ইফতার মাহফিল ভেঙে দিয়েছিল। আমার নামেই উল্টো মামলা দিয়েছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা ন্যায়বিচার করেছেন—এ দেশ থেকে তাদের অবশেষে বিলুপ্তি ঘটবে।”
তিনি ঘোষণা দেন, “বিএনপি ক্ষমতায় গেলে হযরতপুরে প্রতিষ্ঠা করা হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যা ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ হাতে উদ্বোধন করবেন।”
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেন, “বিএনপি সরকার গঠন করলে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে প্রতিটি গ্র্যাজুয়েট শিক্ষার্থী চাকরি না পাওয়া পর্যন্ত এক বছরের ভাতা পাবে।”
তিনি আরও যোগ করেন, “শিক্ষার্থীদের বাংলা-ইংরেজির পাশাপাশি আরও একটি আন্তর্জাতিক ভাষায় দক্ষ করে গড়ে তোলা হবে, যাতে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ে।”